হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতিকে ছেলেসহ কারাগারে প্রেরণ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাঁদের ছেলে আশীক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরের দিকে থানা-পুলিশ তাঁদের ৫৪ ধারায় আটক দেখিয়ে নথিপত্র হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

https://044851c26c6526fa64c6fd25ce10255d.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

আদালতে নথিপত্র উপস্থাপনের আগেই সকালে মোহাম্মদ আলী, তাঁর স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশীক আলীকে পুলিশ ও নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে আসে। তাঁদের সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুধারাম থানায় রাখা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের কারাগারে পাঠানো হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ প্রথম আলোকে বলেন, সাবেক দুই সংসদ সদস্য ও তাঁদের ছেলেকে নৌবাহিনী আজ সকালে দাপ্তরিকভাবে হাতিয়া থানায় সোপর্দ করে। এরপর তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নথিপত্র হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। ওসি বলেন, নৌবাহিনী তাদের হেফাজতে নেওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করেছে।

নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, হাতিয়ার সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাঁদের ছেলে আশীক আলীকে আজ হাতিয়ার আদালতে উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এক প্রশ্নের জবাবে পরিদর্শক শাহ আলম বলেন, আটক দুই সাবেক সংসদ সদস্য ও তাঁদের ছেলের জন্য আদালতে জামিন আবেদন করা হয়নি।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এক দল নৌ সেনা হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে তাঁদের হেফাজতে নেন। এরপর আজ সোমবার সকালে তাঁদের হাতিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *