বিপিএল চলাকালীন সময়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে চিটাগং কিংসের ১ লাখ ডলারের চুক্তি হয়েছিল। নিয়ম অনুযায়ী, বাংলাদেশে আসার পরই তাকে ৫০ হাজার ডলার পরিশোধ করার কথা ছিল, এবং টুর্নামেন্ট চলাকালীন বাকি ৫০ হাজার দেওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত তিনি পেয়েছেন মাত্র ১৯ হাজার ডলার।

শাহিদ আফ্রিদির অভিযোগ, চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই বিষয়ে তিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং প্রয়োজনে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও চিঠি পাঠানোর কথা ভাবছেন।
আফ্রিদি বলেছেন, “সামিরের আচরণে আমি হতবাক হয়েছি। এমন কিছু আশা করিনি। কয়েকদিন আগে বিসিবি সভাপতিকে লিখিতভাবে জানিয়েছি, প্রয়োজনে দুই দেশের প্রধানকেও লিখব।”
অন্যদিকে, সামির কাদের চৌধুরির বক্তব্য অনুযায়ী, “২১ হাজার ডলার দেওয়া হয়েছে, বাকি অর্থও পেয়ে যাবে। এমন তো নয় যে উনি পাবেন না। উনি তো আর ক্রিকেটার নন, উনারটা উনি ঠিকই পেয়ে যাবেন।”
বিপিএলের পারিশ্রমিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, এবং অনেক ক্রিকেটারই তাদের পাওনা বুঝে পাননি। এই ঘটনা আবারও সেই বিতর্ককে সামনে নিয়ে এলো।