
শ্বাস টেনে লাফিং গ্যাস (নাইট্রাস অক্সাইড) নেওয়ার ভিডিও রেকর্ড করার জন্য ক্ষমা চেয়েছেন টটেনহাম হটস্পার মিডফিল্ডার ইভস বিসুমা। পাশাপাশি তিনি এটাও স্বীকার করেছেন ‘মারাত্মক বিচারবুদ্ধির অভাব’ দেখিয়েছেন কাজটি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গত শনিবার একটি ভিডিও পোস্ট করেন বিসুমা। সেখানে তাঁকে বেলুনের মাধ্যমে ‘ক্লাস সি ড্রাগ’ লাফিং গ্যাস টানতে দেখা গেছে। ২৭ বছর বয়সী মালির এই ফুটবলারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করবে টটেনহাম। কৃতকর্মের জন্য শাস্তিও পেতে পারেন তিনি।
আরও পড়ুন
বার্সেলোনার সঙ্গে ১৮ বছরের বন্ধন ছিন্ন করার ঘোষণা স্প্যানিশ ডিফেন্ডারের
বিনোদনমূলক কাজে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা ২০২৩ সাল থেকে ব্রিটেনে নিষিদ্ধ। দেশটির সরকারের সমাজবিরোধী আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে বিসুমার কারাদণ্ডও হতে পারে।
আজ বিবৃতিতে বিসুমা ক্ষমা চেয়ে বলেছেন, ‘এসব ভিডিওর জন্য আমি ক্ষমা চাই। এতে বোধবুদ্ধির মারাত্মক অভাব ছিল। বুঝতে পারছি এটা কতটা গুরুতর, স্বাস্থ্যঝুঁকিও হতে পারত। এর পাশাপাশি ফুটবলার ও রোলমডেল হিসেবে দায়দায়িত্বও আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি।’