তাকে দেখতে পাওয়ার এক সমুদ্র আশা নিয়ে আমি অপেক্ষা করি,
অপেক্ষা করি গ্রীষ্মের প্রখরতা থেকে
শীতের হাড়হীম করা ঠান্ডায়।
বসন্তের কোকিল থেকে শরতের কাশফুল
সবটাই আমি ছুয়ে দেখি,
শুধু তাকে ছুতে পারার তীব্র ব্যাকুলতায়।
এক অসীম দিগন্ত – সাদা শুভ্রতার দিগন্তে
পরম আবেশে জড়িয়ে থাকে সে
হাওয়ায় মিলিয়ে যাওয়া ছাই
ধরতে চাই, তবুও না পাই।
তার দুচোখ জুড়ে ছিল ভয়ানক প্রেম
মগজে ছিল বিচিত্র প্রেমাল্পনা।
তারপর শুধু রয়ে গেল “ভয়ানক” শব্দটি
উবে গেল যত প্রেম আর শত কল্পনা।
তারে আমি দেখেছিলাম বহু বছর আগে
গ্রীষ্মের প্রখরতায়, ঘামার্ত মলিন মুখখানি
সেই থেকে দিশাহীন, কেঁপে চলেছে বুক।
শতবর্ষ চিকিৎসা করে জানিলাম
সে আমার ভালো থাকার অসুখ।

মির্জা নয়ন
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ