মিরাজ শুভ-

বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যদের পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। এসব আবেদন পর্যালোচনা শেষে আপিল ট্রাইব্যুনালে জয়ী হওয়া সদস্যদের পুনর্বহালের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আবেদনকারীদের মধ্যে ১,০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন নন-পুলিশ সদস্য রয়েছেন।
এই আবেদনগুলো পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশসহ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে আপিল ট্রাইব্যুনালে জয়ী হওয়া সদস্যদের পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি বা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়ে আইনি সীমাবদ্ধতার কারণে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। একইসঙ্গে যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি বা ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে, তাদের পুনর্বহালের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়নি।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যেন ন্যায়বিচার পান, সেজন্য আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। পাশাপাশি পুনর্বহালকৃত ও চাকরিরত সদস্যদের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।